বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-সুইজারল্যান্ড
ছবি: সংগৃহীত
দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ করা এবং ব্যবসা-বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে একমত হয়েছে বাংলাদেশ ও সুইজারল্যান্ড।
মঙ্গলবার (২ জুন) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত রাজনৈতিক পরামর্শের ষষ্ঠ রাউন্ডের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম। সুইজারল্যান্ডের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্সের সহকারী পররাষ্ট্র সচিব ও এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান রাষ্ট্রদূত মার্কাস লিটনার।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বহুমাত্রিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। একই সঙ্গে অগ্রাধিকারপ্রাপ্ত খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের উপায় নিয়েও আলোচনা হয়।
আলোচনায় কূটনৈতিক সম্পর্ক জোরদার, দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারত্ব, দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ উদীয়মান খাতে বেসরকারি পর্যায়ের সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়।
বিবৃতিতে বলা হয়, ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বাংলাদেশে সুইস বিনিয়োগকারীদের শক্তিশালী উপস্থিতির কারণে অর্থনৈতিক অংশীদারত্বকে দুই দেশের সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা অব্যাহত রাখা এবং সুইস বিনিয়োগ বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দিয়েছে।
উভয় পক্ষ গণতন্ত্র, মানবাধিকার, বহুপক্ষীয় ব্যবস্থা, আন্তর্জাতিক আইন এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তিশালী ও দীর্ঘমেয়াদি মনোযোগের প্রয়োজনীয়তার বিষয়েও মতবিনিময় হয়।
এ ছাড়া জাতিসংঘ ও জেনেভাভিত্তিক আন্তর্জাতিক ফোরামগুলোতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করা হয়।
পরে রাষ্ট্রদূত মার্কাস লিটনারের নেতৃত্বাধীন সুইস প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।