মুন্সীগঞ্জে দুই ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা
ফাইল ছবি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় অনুমোদনহীন কসমেটিক্স পণ্য, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে দুইটি ফার্মেসিকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ জুন) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।
অভিযানকালে ইব্রাহীম ফার্মেসি ও বিসমিল্লাহ ফার্মেসিতে অনুমোদনহীন কসমেটিক্স পণ্য, ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়।
এ অপরাধে ‘ঔষধ ও কসমেটিক্স আইন-২০২৩’ এর ৪০(খ), ৪০(গ), ৪০(ঘ) ও ৪১(২) ধারায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জনসাধারণকে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং কসমেটিক্স পণ্য ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি ফার্মেসি মালিকদের আইন মেনে সতর্কতার সঙ্গে ব্যবসা পরিচালনার পরামর্শ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।