আইনি জটিলতায় রচনা ব্যানার্জি

আইনি জটিলতায় রচনা ব্যানার্জি

ছবিঃ সংগৃহীত।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাংসদ রচনা ব্যানার্জি নতুন করে আইনি জটিলতায় পড়েছেন।আরজিকর হাসপাতালের চিকিৎসক হত্যাকাণ্ড-সংক্রান্ত একটি পুরোনো ভিডিওকে কেন্দ্র করে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানায় এক আইনজীবী এই অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে আরজিকর হাসপাতালের আলোচিত ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিও বার্তায় রচনা ব্যানার্জি একাধিকবার নিহত নারী চিকিৎসকের নাম উল্লেখ করেছিলেন।

অভিযোগকারীর দাবি, ভারতীয় আইন অনুযায়ী যৌন নির্যাতন বা এ ধরনের সংবেদনশীল ঘটনার ভুক্তভোগীর পরিচয় প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। সেই কারণে সাংসদ হওয়া সত্ত্বেও রচনার এমন মন্তব্য আইন লঙ্ঘনের শামিল।

জানা গেছে, ভিডিওটি প্রকাশের সময়ই বিষয়টি নিয়ে তৎকালীন পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেছিলেন ওই আইনজীবী। তবে সে সময় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তার।

অভিযোগকারী আরও বলেন, ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভিডিওটি এখনো বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে রয়েছে। তাই নতুন রাজনৈতিক বাস্তবতায় তিনি আবারও থানায় আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন।

এ বিষয়ে রচনা ব্যানার্জি বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি বর্তমানে রাজনীতিতেও সক্রিয় রচনা ব্যানার্জি। তিনি পশ্চিমবঙ্গের অন্যতম পরিচিত তারকা সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন।