পৃথক অভিযানে বিরামপুরে ৪ মাদক কারবারি গ্রেফতার, মাদক জব্দ

পৃথক অভিযানে বিরামপুরে ৪ মাদক কারবারি গ্রেফতার, মাদক জব্দ

প্রতিকি ছবি

দিনাজপুরের বিরামপুরে পৃথক অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার ভোর ৬টার দিকে বিরামপুর পৌর এলাকার পাবনা হোটেলের সামনে অভিযান চালিয়ে বিসকিনি এলাকার মাহাবুরের ছেলে মোকলেছুর রহমান ওরফে মোকলেস (২৮)-কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার হরেকৃষ্ণপুর বাঁধমুখা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে শিমুলতলী গ্রামের হাসান আলীর ছেলে আব্দুল লতিফ (৩০) এবং একই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে শুভ ইসলাম (২৯)-কে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে পুলিশ।

একই দিন রাত ১১টার দিকে বিরামপুর উপজেলার দেবীপুর বনখঞ্জা গ্রামের মৃত ধীরেন চন্দ্র রায়ের ছেলে শ্যামল রায় (৪৫)-কে নিজ বাড়ি থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার চারজনের বিরুদ্ধে বিরামপুর থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।