রোভার প্রতিযোগিতায় বিশ্বসেরা তিনে ইউআইইউ
সংগৃহীত
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স (সিএআইআর) পরিচালিত ইউআইইউ মার্স রোভার টিম ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬-এ বিশ্বে তৃতীয় এবং এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে। এই সাফল্য বাংলাদেশের জন্য একটি গৌরবময় ও ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
গত ২৭ থেকে ৩০ মে যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের হ্যাঙ্কসভিলে অবস্থিত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে (এমডিআরএস) অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ইউআইইউ মার্স রোভার টিম ৪০০.৪৪ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থান লাভ করে। একই সঙ্গে এশিয়ার সেরা দল হওয়ার গৌরবও ধরে রাখে তারা।
প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের মিসৌরি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মার্স রোভার ডিজাইন টিম ৪৬৯.৫৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। অস্ট্রেলিয়ার মোনাশ নোভা রোভার ৪১২.৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ইউআইইউ ৪০০.৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করে। এছাড়া দলটি ‘বেস্ট অটোনোমাস সিস্টেম’ স্বীকৃতিও লাভ করে।
চার দিনব্যাপী চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দলগুলোকে বৈজ্ঞানিক অনুসন্ধান, স্বয়ংক্রিয় নেভিগেশন, চরম পরিবেশে কার্যক্রম পরিচালনা এবং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ—এই চারটি মিশন সম্পন্ন করতে হয়। ইউআইইউ মার্স রোভার টিম সফলভাবে সব মিশন শেষ করে নিজেদের সক্ষমতার প্রমাণ দেয়।
এবারের ইউআরসি প্রতিযোগিতায় প্রাথমিকভাবে বিশ্বের ১১৬টি বিশ্ববিদ্যালয় দল অংশ নেয়। একাধিক ধাপের কঠোর মূল্যায়নের পর চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় মাত্র ৩৮টি দল। যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া, ইতালি, জাপান, মেক্সিকো ও তুরস্কসহ বিভিন্ন দেশের দল এতে অংশগ্রহণ করে।
বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, অন-সাইট ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের ২০ বছরের ইতিহাসে ইউআইইউ মার্স রোভার টিমই প্রথম এশীয় দল হিসেবে বিশ্বমঞ্চের পোডিয়ামে স্থান করে নিয়েছে। এর মাধ্যমে এশিয়ায় রোবোটিক্স ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইউআইইউ মার্স রোভার টিমের পরামর্শক ছিলেন ইউআইইউ স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. হাসান সারওয়ার এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান ড. সুমন আহমেদ। দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আবিদ হোসাইন।
প্রতিযোগিতার বিভিন্ন ধাপে অসাধারণ পারফরম্যান্সের ধারাবাহিকতায় ইউআইইউ মার্স রোভার টিম ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা পাঁচবার এশিয়ার সেরা দল হওয়ার কৃতিত্বও অর্জন করেছে। রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বায়ত্তশাসিত প্রযুক্তি, এমবেডেড সিস্টেম এবং মেকানিক্যাল ডিজাইনে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দলটি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছে।-বিজ্ঞপ্তি