নিকলীতে অবৈধভাবে বালু উত্তোলনে চারজনকে জরিমানা

নিকলীতে অবৈধভাবে বালু উত্তোলনে চারজনকে জরিমানা

ফাইল ছবি

কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চারজনকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ রায় ঘোষণা করেন। পরে জরিমানার অর্থ পরিশোধ করে তারা মুক্তি পান।

স্থানীয় সূত্রে জানা যায়, নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের ধনু নদী থেকে একটি ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদারের নির্দেশে বুধবার রাতে অভিযান চালিয়ে একটি ড্রেজার ও একটি বলগেটসহ চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন আলম (৩৫), আনোয়ার (২৮), মনির (৩০) ও সজিব (১৮)।

পরে সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

প্রশাসন জানিয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।