ইরান যুদ্ধ বন্ধের পক্ষে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে প্রস্তাব পাস
সংগৃহীত ছবি
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ গ্রহণ করা থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখার লক্ষ্যে দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ একটি প্রস্তাব পাস করেছে।
অন্তত চারজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের পক্ষে সমর্থন দেওয়ার পর মোট ২১৫ ভোট পেয়ে নতুন বিলটি পাস হয়।
অন্যদিকে বিলের বিপক্ষে ভোট পড়েছিল ২০৮টি। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধে জড়ানোর ক্ষমতা কমানোর জন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভে এটি চতুর্থ প্রচেষ্টা।
তবে বিল পাস হলেও সেটি বাস্তবায়ন করতে হলে এখনো মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন হবে, আর সিনেট বর্তমানে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে ইসরায়েল ও লেবানন যুদ্ধ বন্ধ করতে একটি যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে বলে বুধবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে।
এই যুদ্ধবিরতি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের অবসানে চুক্তির আশা আরো জোরালো হয়েছে।
তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো চুক্তির ক্ষেত্রে আংশিকভাবে ইসরায়েল ও লেবাননের মধ্যকার লড়াই বন্ধ হওয়াকে শর্ত হিসেবে রেখেছিল।
যুদ্ধবিরতি আলোচনা নিয়ে তেহরান ও ওয়াশিংটন পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ‘চলতি সপ্তাহেই’ একটি স্থায়ী চুক্তি হতে পারে।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, আলোচনায় কোনো ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়নি।
ওয়াশিংটনে আলোচনার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার শর্ত হলো ইরান সমর্থিত হিজবুল্লাহর পক্ষ থেকে সম্পূর্ণভাবে হামলা বন্ধ করা এবং দক্ষিণ লিতানি অঞ্চল থেকে তাদের সব সদস্যকে সরিয়ে নেওয়া।
গত মাসে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও সংঘর্ষ অব্যাহত ছিল। চলতি বছরের মার্চ মাসে ইসরায়েল হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে অভিযান চালায়।
কুয়েত ও হরমুজ প্রণালিতে সম্প্রতি সময়ের পাল্টাপাল্টি হামলাগুলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার নড়বড়ে যুদ্ধবিরতির জন্য নতুন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
এই হামলার পর তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে।
এদিকে লেবাননে নতুন যুদ্ধবিরতির পরও ইসরায়েল প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে। ওয়াশিংটনে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে লেবাননের কর্মকর্তাদের একাধিক বৈঠকের পর যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। গত সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এপ্রিলের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পর থেকে লেবাননে এ পর্যন্ত এক হাজার ১০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে।
এদিকে এখনো বাস্তবায়িত না হওয়া নতুন যুদ্ধবিরতি প্রসঙ্গে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম বলেছেন, এটি লেবাননের জন্য ‘আত্মসমর্পণ ও পরাজয়’। যত দিন ইসরায়েল লেবাননে বোমা হামলা চালাবে, তত দিন উত্তর ইসরায়েল হুমকির মুখে থাকবে।
অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত এবং আরো কয়েক ডজন আহত হয়েছে। সূত্র : আল জাজিরা, সিএনএন, বিবিসি