সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিব
সংগৃহীত
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব।
বৃহস্পতিবার (০৪ জুন) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে দেশের তিনটি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের অংশ হিসেবে হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের সব ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। পাশাপাশি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
জেলা পরিষদের প্রশাসক নিয়োগকে ঘিরে কয়েক মাস ধরে সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে চলছিল নানা গুঞ্জন। এরইমধ্যে প্রজ্ঞাপনের আগের দিন বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে হাবিবুল ইসলাম হাবিবের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। এ খবরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনান্দের জোয়ার বইতে শুরু করে। জানানো হয় শুভেচ্ছা ও অভিনন্দন।
হাবিবুল ইসলাম হাবিব দীর্ঘদিন ধরে সাতক্ষীরার রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দলীয় কর্মকাণ্ড ও সাতক্ষীরা-১ আসন নির্বাচনী এলাকার সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল।
রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাকে। বিশেষ করে ২০০২ সালে কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় তাকে অভিযুক্ত করা হয় । পরে ওই মামলায় আদালতের রায়ে তাকে বিভিন্ন ধারায় তাকে ৭০ বছরের সাজা দেয়া হয়। দীর্ঘ সময় কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।
দীর্ঘ রাজনৈতিক ও আইনি অধ্যায়ের পর এবার স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ এ পদে তিনি দায়িত্ব পেলেন। তার নিয়োগে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।