হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু

হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু

প্রতিকী ছবি।

ময়মনসিংহের হালুয়াঘাটে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে হুমায়ূন কবির (২৫) নামে এ মোটারসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ধারা বাজার মেইল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ূন কবির উপজেলার ৩ নম্বর কৈচাপুর ইউনিয়নের মাদানী নগর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হুমায়ুন বাড়িতে ফিরছিলেন। ধারা বাজার এলাকার মেইলগেটে পৌঁছালে বিপরীত দিক থেকে (হালুয়াঘাট থেকে) ছেড়ে আসা মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সড়কে ছিটকে পড়েন হুমায়ুন। পরে স্থানীয়রা এগিয়ে গেলে দেখতে পান অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’