ফসলী জমিতে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে কৃষকের সাতটি গরুর মৃত্যু

ফসলী জমিতে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে কৃষকের সাতটি গরুর মৃত্যু

প্রতিকি ছবি

রাজশাহীতে ফসলী জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ছয়জন কৃষকের সাতটি গরুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই শিয়ালেরও মৃত্যু হয়েছে। শুক্রবার তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের বিল দেউলা বিলে এ ঘটনা ঘটে। 

হরিদেবপুর গ্রামের সুনীল মণ্ডলের স্ত্রী তপু বালার ২টি, রমনী কান্তের স্ত্রী সুধাধারী, জিতেন, গীতা, সুমাসপুর গ্রামের মোজাফফর হোসেন ও মনজুর রহমানের একটি করে গরু ওই জমিতে ঘাস খেতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির সময় তানোর-চৌবাড়িয়া সড়ক সংলগ্ন লবিয়তলা ব্রিজের পূর্ব দিকে নেসকোর সেচ মোটর ও গভীর নলকূপের সংযোগ লাইনের তার ছিঁড়ে বিলের জমিতে পড়ে যায়। শুক্রবার সকালে পার্শ্ববর্তী হরিদেবপুর ও সুমাসপুর গ্রামের বাসিন্দরা গরুকে জমিতে ঘাস খেতে নিয়ে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই সাতটি গরুর মৃত্যু হয়। পরে খবর পেয়ে বিদ্যুৎ অফিস সংযোগ বিচ্ছিন্ন করে।

ক্ষতিগ্রস্ত গরুর মালিকরা জানান, বোরো ধান কাটার পর ফাঁকা জমিতে প্রতিদিনের মতো গরুগুলোকে ঘাস খাওয়াতে ছেড়ে দেন তারা। ছেঁড়া তারে জমিতে বিদ্যুতায়িত হয়ে সাতটি গরু মারা গেছে। অনেকেই শেষ সম্বল হারিয়েছে। 

তানোর নেসকোর আবাসিক প্রকৌশলী আলী রিয়াজ জানান, ঝড়ে তার ছিঁড়ে যাওয়ার বিষয়ে কেউ আগে তথ্য দেয়নি। এটি মূল লাইনের তার নয়, মিটার থেকে মোটরের সংযোগের তার ছিল। এখন সেচ মৌসুম না হওয়ায় কেউ বিষয়টি খেয়াল করেনি। 

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মাসুদ পারভেজ বলেন, সাতটি গরু মারা গেছে। তবে গরুর মালিকদের পক্ষ থেকে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান জানান, ৬ জন কৃষকের সাতটা গরু মারা গেছে। গরুগুলো মাটিচাপা দেওয়া হয়েছে। পরিবারগুলোর সঙ্গে কথা বলেছি তারা গরীব কৃষক। আমরা সরকারিভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করবো। বিষয়টি নিয়ে আমি নেসকোর সঙ্গে কথা বলেছি তারা বিদ্যুতের লাইনগুলো দেখবে।