লালমনিরহাটে ধরলায় দুই ভাই নিখোঁজ, ডুবুরির অপেক্ষায় ফায়ার সার্ভিস

লালমনিরহাটে ধরলায় দুই ভাই নিখোঁজ, ডুবুরির অপেক্ষায় ফায়ার সার্ভিস

প্রতিকি ছবি

লালমনিরহাটের মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসলে নেমে সাব্বির (১৬) ও শাওন আহমেদ (১৪) নামে দুই সহোদর নিখোঁজ হয়েছেন।

রবিবার (৭ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজের তিন ঘণ্টা পার হলেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে না পৌঁছানোয় উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি। 

​নিখোঁজ শাওন আহমেদ স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি এবং সাব্বির আহমেদ নবম শ্রেণির শিক্ষার্থী। তারা মোগলহাট ইউনিয়নের মেডিকেল মোড় এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

​স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে দুই ভাইসহ মোট তিনজন মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে তিনজনই ভেসে যায়। তাদের মধ্যে মেহেদি হাসান (১৭) নামে একজন কৌশলে সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও দুই ভাই নিখোঁজ হয়। তীরে ফেরা মেহেদি ওই এলাকার আজিজুল হকের ছেলে।

​স্থানীয় ইউপি সদস্য নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কাজ শুরু করতে পারেনি। ঘটনার তিন ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার কাজ শুরু না হওয়ায় নিখোঁজ কিশোরদের পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

​এ বিষয়ে বক্তব্য জানতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া সর্বশেষ খবরে, স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে নদীতে সন্ধান চালাচ্ছেন এবং ফায়ার সার্ভিস ডুবুরি দলের জন্য অপেক্ষা করছে।