খেলার মাঠে আবারও জ্ঞান হারালেন সেই এরিকসেন

খেলার মাঠে আবারও জ্ঞান হারালেন সেই এরিকসেন

ক্রিশ্চিয়ান এরিকসেন

বছর পাঁচেক আগে ইউরো ২০২০ এর মঞ্চে তার জ্ঞান হারানো পুরো ফুটবল বিশ্বকে হতবাক করে দিয়েছিল। সেই ক্রিশ্চিয়ান এরিকসেন সে ধাক্কা কাটিয়ে ফুটবলে ফিরেছেন আবার। বছর পাঁচেক বাদে আবারও একই রকমভাবে মাঠে হৃদরোগে আক্রান্ত হলেন তিনি। 

রোববারের ম্যাচে ৬৪তম মিনিটে হঠাৎ মাটিতে পড়ে যান এরিকসেন। তখন ডেনমার্ক ২-১ গোলে এগিয়ে ছিল। মাঠের চিকিৎসকরা দ্রুত ছুটে আসেন এবং পনেরো মিনিট পর রেফারি ম্যাচ বন্ধ করে দেন। এরপর এরিকসেনকে ওডেনসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিল।

তবে হৃদরোগে আক্রান্ত এরিকসেন এখন ভালো আছেন বলে জানিয়েছে ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাসোসিয়েশন লিখেছে, ‘ক্রিশ্চিয়ান এরিকসেন সচেতন আছেন এবং পরিস্থিতির বিচারে ভালো আছেন।’

কেন এমন হলো, সে প্রশ্নের জবাব দিতে গিয়ে ডেনমার্ক দলের চিকিৎসক মর্টেন বোয়েসেন বলেন, ‘আমার মনে হচ্ছে পেসমেকার ঠিকমতোই কাজ করেছে। তিনি কিছু সময়ের জন্য অচেতন হয়ে পড়েছিলেন, তবে খুব দ্রুত জ্ঞান ফিরে পেয়েছেন এবং আমরা দ্রুত তার সঙ্গে কথা বলতে পেরেছি। কী কারণে এটি হলো তা জানতে হাসপাতালে আরও পরীক্ষা-নিরীক্ষা হবে।’

২০২১ সালের ইউরো ২০২০-এ মাঠে পড়ে যাওয়ার পর থেকেই তার হৃদযন্ত্রে পেসমেকার লাগানো আছে। সেই ঘটনার পর তিনি ছয় মাসেরও বেশি সময় ফুটবল থেকে দূরে ছিলেন।

ইউরো ২০২০-এ ফিনল্যান্ডের বিপক্ষে এরিকসেন হৃদযন্ত্রের সমস্যায় পড়ার পরও সেই ম্যাচ চালিয়ে যাওয়া হয়েছিল। ফিনল্যান্ড সেই ম্যাচে ১-০ গোলে জিতেছিল। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা দলকে বলেছিল সেদিনই অথবা পরের দিন দুপুরে ম্যাচ শেষ করতে হবে। 

এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছিলেন ডেনমার্কের কিংবদন্তি পিটার স্মেইকেল। তার ছেলে কাসপার তখন ডেনমার্কের গোলে ছিলেন। তিনি এই সিদ্ধান্তকে ‘একদম হাস্যকর’ বলেছিলেন এবং উয়েফার বিরুদ্ধে ‘সহানুভূতির অভাবে’র অভিযোগ তুলেছিলেন। ডেনমার্কের তৎকালীন কোচ কাসপার হিউলমান্ড পরে বলেছিলেন, ‘আমাদের খেলা উচিত হয়নি।’

ঘটনার সাত মাস পরে এরিকসেন ইংল্যান্ডের ক্লাব ব্রেন্টফোর্ডে যোগ দিয়ে ফুটবলে ফেরেন। পেসমেকার নিয়ে খেলায় ইতালির নিয়ম না মানার কারণে তাকে ইন্টার মিলান ছাড়তে হয়েছিল। পরে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন, যেখানে এফএ কাপ ও লিগ কাপ জেতেন। এখন তিনি জার্মানির ক্লাব ওলফসবার্গে খেলছেন এবং সেখানে আরও এক বছরের চুক্তি আছে তার।

জাতীয় দলেও তিনি ফিরেছিলেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপে এবং ২০২৪ সালে জার্মানিতে ইউরোতে ডেনমার্কের হয়ে খেলেছেন তিনি। তবে ডেনমার্ক আসন্ন উত্তর আমেরিকা বিশ্বকাপে জায়গা পায়নি, যা আগামী সপ্তাহে শুরু হচ্ছে।