চিরিরবন্দরে সাত মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
প্রতিকি ছবি
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী পৃথক অভিযানে সাতজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
রবিবার (৭ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
পুলিশ জানায়, উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের কারেন্টহাট এলাকায় স্থানীয়দের সহযোগিতায় মাদক সেবনরত অবস্থায় কয়েকজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইসবপুর ইউনিয়নের বিন্নাকুড়ির রহিম উদ্দিনের ছেলে মাহেদুল ইসলাম (২৫), একই এলাকার বিমল চন্দ্রের ছেলে প্রশান্ত চন্দ্র (৩২), আউলিয়াপুকুর ইউনিয়নের ছোটবাউল এলাকার জয়নাল আবেদীনের ছেলে সাজ্জাদ আলী (৩৪), একই এলাকার জ্যোতিশ চন্দ্রের ছেলে শিমুল চন্দ্র (২৫) এবং কালিপদ রায়ের ছেলে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। একই রাতে রাত ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে মাদক সেবনের অভিযোগে আরও দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এলাকাবাসীর সহযোগিতা কামনা করা হচ্ছে।