ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

প্রতিকি ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনের ধাক্কায় খোদেজা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  

সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা-ফরিদপুর রেললাইনের নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হরুপদিয়া লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত খোদেজা খাতুন উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামের আইয়ুব শেখের স্ত্রী।

ভাঙ্গা রেলওয়ে পুলিশের সার্জেন্ট মো. শাহজালাল জানান, ভাঙ্গা থেকে রাজবাড়ীগামী রাজবাড়ী এক্সপ্রেস লোকাল ট্রেনের ধাক্কায় সেতুর ওপর থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, তিনি রেলসেতু পার হচ্ছিলেন। কানে কম শোনার কারণে ট্রেনের শব্দ টের পাননি বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভাঙ্গা রেলওয়ে স্টেশনের ম্যানেজার রনি বেপারী জানান, দুপুর সাড়ে ১১টার দিকে রাজবাড়ীগামী রাজবাড়ী এক্সপ্রেস লোকাল ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।