ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে মো. মারুফ (৮) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মুন্সেফপাড়ার বডিংমাঠ এলাকার একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের সৌদি আরব প্রবাসী মোক্তার হোসেনের সন্তান। বর্তমানে পরিবারটি শহরের মুন্সেফপাড়ার গোলাপ টাওয়ারে ভাড়া বাসায় বসবাস করছিল। মারুফ মুন্সেফপাড়া এলাকার তাহমিদুল কোরআন সোলাইমানিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের ছাত্র ছিল। সে ইতোমধ্যে পবিত্র কোরআনের তিন পারা মুখস্থ করেছিল। 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মাদরাসার ৭-৮ জন ছাত্র প্রতিদিনের মতো বডিংমাঠ পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে অন্য শিক্ষার্থীরা মাদরাসায় ফিরে এলেও মারুফ ফিরে আসেনি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মাদরাসার শিক্ষকরা পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মাদরাসার পরিচালক মাওলানা সাইফ উদ্দিন বলেন, প্রতিদিনের ন্যায় শিক্ষার্থীরা গোসল করতে পুকুরে যায়। সবাই ফিরে এলেও মারুফ আসেনি। পরে তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, মাদরাসা ছাত্রের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।