উখিয়া সীমান্তে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়া সীমান্তে ১৯ রোহিঙ্গা আটক

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।

বালুখালী সীমান্তের রহমতের বিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। স্থানটি সীমান্ত পিলার বিপি-২০ থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পূর্বে এবং শূন্যরেখা থেকে প্রায় ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

আটক ব্যক্তিদের সবাই পুরুষ। তারা স্থানীয় একটি মাছের ঘেরে কাজ করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজিবির জানায়, রোহিঙ্গা শিবিরে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের শিবিরের বাইরে চলাচল কিংবা স্থানীয় বিভিন্ন পেশায় যুক্ত হওয়ার অনুমতি নেই। এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তারা বিভিন্ন অপরাধচক্রের খপ্পরে পড়ার ঝুঁকিতে থাকেন।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

উখিয়া ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে রোহিঙ্গাদের কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার না করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।