শিশু নির্যাতন, যৌন হয়রানি, গুম ও হত্যার বিরুদ্ধে কেরানীগঞ্জে সচেতনতামূলক সভা

শিশু নির্যাতন, যৌন হয়রানি, গুম ও হত্যার বিরুদ্ধে কেরানীগঞ্জে সচেতনতামূলক সভা

সংগৃহীত ছবি

নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন হয়রানি, গুম ও হত্যার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

 

সভায় কেরানীগঞ্জ উপজেলার ঢাকা-৩ আসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইমাম, পুরোহিত, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সাত্তার বেগের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী আয়শা সিদ্দিকা মুসকান, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিনুর আক্তার, দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলি আক্তার, চুনকুটিয়া গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদা আক্তার, অভিভাবক হাজী মীর মোহাম্মদ, ইমাম মুফতি মইনুল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. সাইফুল আলম এবং সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া।

সভায় বক্তারা নারী ও শিশুদের প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জাগ্রতকরণ এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে নিপুণ রায় চৌধুরী বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সমাজ থেকে নির্যাতন, যৌন হয়রানি, গুম ও হত্যার মতো অপরাধ নির্মূলে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।