মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, ৪জন টেঁটাবিদ্ধসহ আহত ১০
প্রতিকি ছবি
মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলায় জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জন টেঁটাবিদ্ধ রয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বয়রাগাদি ইউনিয়নের কুমারখালি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমারখালি গ্রামের শিরু মিয়ার ছেলে জয়নাল এবং একই এলাকার বিসা মাতবরের ছেলে দেলোয়ার হোসেনের মধ্যে একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার বিরোধপূর্ণ জমিটি সার্ভেয়ার দিয়ে মাপজোক করা হলে তা নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং কথাকাটাকাটির ঘটনা ঘটে।
এরই জেরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষটি রক্তক্ষয়ী রূপ নেয়। এতে ঘটনাস্থলে অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ হয়েছেন মো. আবুল হোসেন (৬০), মো. আমির আলী (৫৫), মো. সেলেম (৫৮) ও মো. ইয়ামিন (১৫)। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যান্য আহতরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিষয়ে উভয় পক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, ফলে কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় পক্ষই অভিযোগ দিয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।