টি-টোয়েন্টি সিরিজে হেডের বদলি হিসেবে ডাক পেলেন নিখিল

টি-টোয়েন্টি সিরিজে হেডের বদলি হিসেবে ডাক পেলেন নিখিল

নিখিল চৌধুরি

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ট্রাভিস হেড। ক্রিকেট অস্ট্রেলিয়াও তাকে বিশ্রাম দিতে সম্মত হয়েছে। তার বদলি হিসেবে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নিখিল চৌধুরি।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে তাসমানিয়া এবং বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে খেলেন নিখিল। অস্ট্রেলিয়া জাতীয় দলে এর আগে কখনও সুযোগ পাননি। ফলে বাংলাদেশ সিরিজে অভিষেকের অপেক্ষায় থাকবেন তিনি।

ক্রিকেটে নিখিলের যাত্রার গল্পটা একটু বেশিই নাটকীয়। দিল্লিতে জন্ম নেয়া নিখিল ভারতের পাঞ্জাব প্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে ১২টি টি-টোয়েন্টি এবং ২টি লিস্ট 'এ' ম্যাচ খেলেছিলেন। 

২০২০ সালে কুইন্সল্যান্ডে থাকা তার চাচাকে দেখতে অস্ট্রেলিয়া সফরে যান নিখিল। কিন্তু সে সময়ই কোভিড-১৯ মহামারির কারণে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমান্ত বন্ধ হয়ে গেলে তিনি সেখানেই আটকে পড়েন।  

বর্তমানে ২০২৭ সাল পর্যন্ত একটি অস্থায়ী ভিসায় অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তিনি। এখনও দেশটির স্থায়ী নাগরিকত্ব না পেলেও আইসিসির নিয়ম অনুযায়ী টানা পাঁচ বছর অস্ট্রেলিয়ায় বসবাসের সুবাদে জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন এই অলরাউন্ডার।   

ব্রিসবেনে গ্রেড ক্রিকেট খেলার সময় তৎকালীন হারিকেনস বোলিং কোচ জেমস হোপসের নজরে আসেন নিখিল। এরপর বিগ ব্যাশ লিগে (BBL) হোবার্ট হারিকেনসের হয়ে দুর্দান্ত তিনটি মৌসুম কাটান তিনি। ২০২৪-২৫ মৌসুমে দলটির বিগ ব্যাশ শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল তার।

সম্প্রতি তাসমানিয়ার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় নিখিলের। শেফিল্ড শিল্ডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি এবং ৫ উইকেট শিকার করেন তিনি। ম্যাচ খেলার সুযোগ না পেলেও সর্বশেষ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ছিলেন তিনি।  

 

নিখিল চৌধুরীকে দলে নেওয়া প্রসঙ্গে অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমাইড বলেন, 'নিখিল বেশ কিছুদিন ধরেই আমাদের নজরে ছিল। পাকিস্তান সফরের আগে ব্রিসবেনে প্রাক-মৌসুম ক্যাম্পে সে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে দলের সঙ্গেই অনুশীলন করেছে। বিগ ব্যাশ এবং ঘরোয়া ক্রিকেটে তার সাম্প্রতিক পারফরম্যান্স আমাদের দারুণ মুগ্ধ করেছে। বাংলাদেশের কন্ডিশনে নিখিল মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবে এবং আগামী সপ্তাহে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের একাদশ নির্বাচনের সময় সে নিশ্চিতভাবেই বিবেচনায় থাকবে।'