শিশুশ্রম প্রতিরোধে ফুলকুঁড়ি আসর তারারমেলা ইবি শাখার মানববন্ধন

শিশুশ্রম প্রতিরোধে ফুলকুঁড়ি আসর তারারমেলা ইবি শাখার মানববন্ধন

ছবি: প্রতিনিধি

'স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিড়ি' স্লোগানে শিশুশ্রম প্রতিরোধে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ফুলকুঁড়ি আসর তারারমেলা। আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর তারারমেলা ইবি শাখার অফিস সম্পাদক ইসমাইল হোসাইন, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম, সাংস্কৃতিক ও থিয়েটার সম্পাদক আল-আবিদ, মিডিয়া ও প্রচার সম্পাদক মারুফ বিল্লাহসহ শাখার ২০ জনের অধিক কুঁড়ি সদস্য।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি। যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শিশুদের হাতে শ্রমের যন্ত্র নয়, কলম ও বই তুলে দেওয়ার মাধ্যমে একটি শিক্ষিত ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

বক্তারা আরও বলেন, জাতীয় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত (নিবন্ধন নং: ঢ-০৪৫৯) শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ১৯৭৪ সাল থেকে “পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো” স্লোগানকে ধারণ করে একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবার আদর্শে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। অধিকারবঞ্চিত শিশুদের শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এসময় মানববন্ধন থেকে শিশুশ্রম নির্মূলে আইন বাস্তবায়ন জোরদার। দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং তাদেরকে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।