ইরান দলের অনুশীলন ভেন্যুর পাশে গাড়িতে মিলল লাশ
সংগৃহীত ছবি
মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে পার্ক করে রাখা একটি গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। খবর এএফপির
স্থানীয় সময় শুক্রবার সীমান্তবর্তী শহর তিহুয়ানার কালিয়েন্তে স্টেডিয়ামের বিপরীতে ওই গাড়িটি পার্ক করা ছিল। পুলিশ গাড়ির ভেতর থেকে কালো ব্যাগে মোড়ানো এক ব্যক্তির লাশ উদ্ধার করে।
তিহুয়ানার প্রসিকিউটর কার্যালয়ের এক মুখপাত্র জানান, টহলরত পুলিশ সদস্যরা গাড়িটি সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে তল্লাশি চালান। ভেতরে পাওয়া লাশে সহিংসতার চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, গাড়িটি কয়েক দিন ধরেই সেখানে পরিত্যক্ত অবস্থায় ছিল।
এই মাঠেই বিশ্বকাপে অংশ নেওয়া ইরানের জাতীয় দল অনুশীলন করছে। শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ইরান মেক্সিকোতে প্রস্তুতি ক্যাম্প সরিয়ে নেয়।
মেক্সিকোতে অবস্থানকালে ইরান দলকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। সশস্ত্র নিরাপত্তা বাহিনীর পাহারায় তাদের হোটেল ও স্টেডিয়ামের মধ্যে যাতায়াত করানো হচ্ছে। শুক্রবার লাশ সরিয়ে নেওয়ার কিছুক্ষণ পরই ইরান দলের বহর স্টেডিয়াম ত্যাগ করে।
মাদকচক্রের সহিংসতার জন্য কুখ্যাত তিহুয়ানা শহরে হত্যাকাণ্ডের হার দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালেই শহরটিতে এক হাজার ২০০-এর বেশি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে।
তবে এই ঘটনার সঙ্গে ইরান জাতীয় দলের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নেরও তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি ইরান ফুটবল দল।