আদালতে সালমান খান

আদালতে সালমান খান

ছবি: সংগৃহীত

১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকারের বিতর্কিত মামলাকে কেন্দ্র করে নির্মিতব্য ‘কালা হিরন: দ্য ব্যাটেল ফর লেগাসি’ সিনেমার বিরুদ্ধে মামলা করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। সিনেমাটির প্রদর্শন ও প্রচারণার ওপর নিষেধাজ্ঞা চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

সালমানের অভিযোগ, এ সিনেমার মাধ্যমে তাঁর সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। শুক্রবার (১২ জুন) অভিনেতার অভিযোগের প্রেক্ষিতে দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বানসাল কৃষ্ণার বেঞ্চ সিনেমার প্রযোজক অমিত জানি, অক্ষয় পান্ডেসহ সিনেমা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করেছেন। পাশাপাশি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৯ জুন দিন ধার্য করা হয়েছে।

আদালতের শুনানিতে সালমানের আইনজীবী দয়ান কৃষ্ণান যুক্তি দেখান, সিনেমাটি অভিনেতার পুরোনো হরিণ শিকারের মামলার ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে। ফলে এটি দিল্লি হাইকোর্টের আগের একটি আদেশকে সরাসরি অবমাননার শামিল, যেখানে অভিনেতার ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার স্পষ্ট নির্দেশ ছিল। সালমানের দায়ের করা অভিযোগের নথিতে উল্লেখ করা হয়েছে, ‘কালা হিরন: দ্য ব্যাটেল ফর লেগাসি’-এর টিজারে তাঁকে সরাসরি ইঙ্গিত করা হয়েছে। বিশেষ করে, সিনেমার একটি চরিত্রের সাথে সালমানের চেহারার মিল পাওয়া গেছে।

মামলার নথিতে সালমানের পক্ষ থেকে আপত্তি জানিয়ে বলা হয়, ‘পর্দায় ফুটিয়ে তোলা চরিত্রের সাথে বাদীর (সালমান খান) সাদৃশ্য রয়েছে। তাঁকে স্পষ্টভাবে একটি নীল ব্রেসলেট পরা অবস্থায় দেখা যাচ্ছে, যা সালমানের সঙ্গে হুবহু মিলে যায়।’

অভিযোগে সালমান আরও বলেছেন, অস্ত্র আইনের মামলায় আদালত থেকে তিনি আগেই খালাস পেয়েছেন। সিনেমাটি সাধারণ মানুষকে সালমান সম্পর্কে বিভ্রান্ত করতে পারে।

এর আগে গত ২৪ এপ্রিল ছবির প্রযোজকদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তা সত্ত্বেও তাঁরা সিনেমাটির প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এদিকে শুনানির সময় প্রযোজকদের আইনজীবী আদালতকে জানান, গত শুক্রবার আলোচিত সিনেমার টিজার মুক্তি পেয়েছে। তবে সিনেমা মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি। শুধু টিজার দেখে ছবি মুক্তির ওপর নিষেধাজ্ঞার আবেদন জানিয়েছেন সালমানের আইনজীবী।