গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সংগৃহীত ছবি

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় বৃক্ষরোপণ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকাল ৩টায় জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন গাইবান্ধার যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ও সামাজিক বনায়ন জোন গাইবান্ধার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম ম-লসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ রোপন করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমেই এ কর্মসূচির সফলতা নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।

এসময় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জারুল ও কৃষ্ণচূড়া গাছের দুটি চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরাও পরিবেশবান্ধব সমাজ গঠনে বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

জেলার সাতটি উপজেলা ও প্রতিটি ইউনিয়ন পর্যায়েও একযোগে এ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়। চলতি অর্থবছরে গাইবান্ধা জেলায় প্রায় ১৭ হাজার ৪৫০টি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধনী দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।