সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেফতার
ছবি: সংগৃহীত
নওগাঁর ধামইরহাটে সম্পত্তি লিখে না দেওয়ায় চাঁদ সুলতানা (৬৫) নামে এক বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) রাতে তাদের গ্রেফতার করা হয়।
চাঁদ সুলতানা উপজেলার খড়মপুর গ্রামের বাসিন্দা। গ্রেফতার ব্যক্তিরা হলেন চাঁদ সুলতানার বড় ছেলে আব্দুল মমিন (৪৫) এবং ছোট ছেলে আব্দুল মুকিম (৩৫)।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার চাঁদ সুলতানা নামে ওই বৃদ্ধা মেয়েকে নিয়ে থানায় আসেন। এরপর তিনি তার ছেলেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামীর মৃত্যুর পর দুই ছেলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তারা আলাদাভাবে সংসার করে আসছিল। এর মাঝেই সুলতানার নামে থাকা কিছু সম্পত্তি লিখে নিতে চাপ সৃষ্টি করে দুই ছেলে। পারিবারিকভাবে বিষয়টি সুরাহার চেষ্টা করা হলেও তার ছেলেরা মাঝেমধ্যেই অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতেন। গতকাল শনিবার আবারও বৃদ্ধাকে তার ছেলেরা মারধর করে বাড়িতে থেকে বের করে দিতে চায়। উপায় না পেয়ে বিকেলেই থানায় লিখিত অভিযোগ দেন তিনি।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া পর ধামইরহাট থানার ওসি মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা মিলে। এরপর রাতেই দুই ছেলেকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুই ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।