জাবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার

জাবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার

সংগৃহীত ছবি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় শিশির আহম্মদ তালুকদার রাতুল (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) রাতে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিশির আহম্মদ তালুকদার রাতুল পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের শালদিঘা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী শরীফ হোসেন (২১) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার শুনই গ্রামে। তিনি জানু মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, গত ১০ জুন সন্ধ্যা সাড়ে ছয়টায় শরীফ হোসেন নেত্রকোনা সদরের নতুন বাইপাস এলাকায় যাওয়ার উদ্দেশে অটোরিকশায় রওনা হন। ভুলবশত তিনি পূর্বধলার শালদিঘা এলাকায় নেমে পড়েন। পরে ত্রিমোহনীতে যাওয়ার সময় শালদিঘা ঈদগাহ মাঠসংলগ্ন সড়কে পৌঁছালে দুই ব্যক্তি তার পথরোধ করে।  

এরপর তারা শরীফকে মারধর করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আরও একজন যোগ দেয়। তিনজন মিলে তাকে হত্যার হুমকি দিয়ে মারধর করে এবং তার কাছে থাকা ৪ হাজার ৫৬০ টাকা ছিনিয়ে নেয়। এরপর ভুক্তভোগীর মোবাইল ফোন ব্যবহার করে বিকাশ অ্যাপের মাধ্যমে ১০ হাজার টাকা নিজেদের নম্বরে স্থানান্তর করে তারা। পাশাপাশি বিকাশ অ্যাকাউন্ট থেকে ১ হাজার ৫০০ টাকা ঋণ নিয়ে সেটিও নিজেদের কাছে পাঠিয়ে দেয়। এ ছাড়া প্রায় ২২ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোনও ছিনিয়ে নেয় তারা।

পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, রোববার শিশির আহম্মদকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।