সংসদ অধিবেশন শেষেই শাহবাগে প্রতিমন্ত্রীর ‌অভিযান

সংসদ অধিবেশন শেষেই শাহবাগে প্রতিমন্ত্রীর ‌অভিযান

সংগৃহীত

সংসদ অধিবেশন শেষ করেই রাজধানীর শাহবাগে ঝটিকা অভিযান চালিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অভিযানে দোকানের সামনে আবর্জনা ফেলায় ১০ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

রোববার (১৪ জুন) রাত ৮টায় জাতীয় সংসদের অধিবেশন শেষে প্রতিমন্ত্রী আকস্মিকভাবে শাহবাগ এলাকায় পৌঁছান। এসময় তিনি বিভিন্ন দোকানের সামনে দীর্ঘসময় ধরে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রীর নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা ১০ ব্যবসায়ীকে বিভিন্ন অংকের জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে দোকানের সামনে বর্জ্য না ফেলতে সতর্ক করেন।

এসময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পরিচ্ছন্ন ঢাকা গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেখানেই অপরিচ্ছন্নতা ও অনিয়ম পাওয়া যাবে, সেখানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মাহবুর রহমান তালুকদার, প্রধান প্রকৌশলী আজিজ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা, সচিব জয়নাল আবেদীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে বিনতে ফেরদৌসসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।