স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

ফাইল ছবি

যথাসময়ে দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। রুমিন ফারহানা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন, উনার কাছে আমার প্রশ্ন যে, আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হওয়ার কথা ছিল-ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ-এই নির্বাচনগুলো কবে হবে?

তিনি বলেন, আমরা জেলাগুলোতে দেখেছি জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। আমরা তো গণতন্ত্রের জন্য ১০ বছর ধরে লড়াই করেছি।

আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়। অথচ এই গণতন্ত্রের জন্য ২০১৪ থেকে আরম্ভ করে ২০২৪ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে, বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এরপর যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো… এখন প্রায় চার মাসের মতো হয়ে গেছে সরকার গঠিত হয়েছে, এরপরও কিন্তু আমরা এ ব্যাপারে কিছু জানতে পারিনি।

জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমাদের সংসদ সদস্য কয়েকজন বিভিন্ন বিষয়ের অবতারণা করেছেন।

তবে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তাদের আশ্বস্ত করতে পারি যে, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা সিদ্ধান্তে একমত হয়েছি। সেই সিদ্ধান্তে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করবো।