ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস
ফাইল ছবি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর অংশে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের ওপর উল্টে গেছে।
সোমবার বিকেলে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের কামারখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও বড় ধরনের কোনো প্রাণহানি বা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সবাই।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টা ১৮ মিনিটে বরিশাল থেকে ঢাকাগামী ‘বিএমএফ পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে ঢাকা অভিমুখে যাচ্ছিল। এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বাসটি বেপরোয়া গতিতে থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন, তবে ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।