সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় এআইভিত্তিক স্মার্ট ট্রাফিক ব্যবস্থা চালুর উদ্যোগ চসিকের
ফাইল ছবি
চট্টগ্রাম নগরীর যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নগর ব্যবস্থাপনাকে প্রযুক্তিনির্ভর করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্মার্ট ট্রাফিক ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে।
সোমবার চসিকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় একটি পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চট্টগ্রাম নগরীর জন্য প্রস্তুত করা দুটি প্রযুক্তিনির্ভর উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা উপস্থাপন করেন।
সভায় উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) ফরহাদুল আলম, আবু সাদাত তৈয়ব এবং পরামর্শক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হলো এআইভিত্তিক স্মার্ট ট্রাফিক ব্যবস্থা। দীর্ঘদিনের যানজট, ট্রাফিক বিশৃঙ্খলা এবং সড়কে আইন অমান্যের প্রবণতা কমাতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২১৭ কোটি ৩৩ লাখ টাকা।
মেয়র আরও বলেন, চট্টগ্রাম নগরীর প্রায় সব গুরুত্বপূর্ণ ও ব্যস্ত ট্রাফিক করিডোর এ প্রকল্পের আওতায় আনা হয়েছে। ফলে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা পরিচালনা করা সম্ভব হবে।
তিনি বলেন, আমরা শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ নয়, একটি নিরাপদ নগরী গড়ার লক্ষ্য নিয়েও কাজ করছি। সে কারণে দ্বিতীয় প্রকল্পের আওতায় প্রায় ১৩০ কিলোমিটার সড়কে সৌরবিদ্যুৎচালিত আধুনিক এলইডি সড়কবাতি, ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৪৫ কোটি টাকা।
সভায় প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের প্রকল্প বাস্তবায়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোগত কাজ করতে হবে। বিশেষ করে সড়কে লেন মার্কিং, ট্রাফিক আইল্যান্ড সংস্কার এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি মূল্যবান ক্যামেরা, ক্যাবল ও অন্যান্য যন্ত্রপাতি চুরি রোধে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, পুলিশ ও সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর পরামর্শ নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে নগরবাসী আধুনিক ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার সুফল পাবে।