কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে দোকান কর্মচারীকে হত্যা

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে দোকান কর্মচারীকে হত্যা

প্রতীকী ছবি।

রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের জেরে ছুরি মেরে হত্যা করা হয়েছে মোহাম্মদ (২৭) নামে এক যুবককে। পেশায় একটি লাড্ডুর দোকানের কর্মচারী তিনি।

নিহত মোহাম্মদ মুন্সিগঞ্জ সদর উপজেলার বিক্রমপুর এলাকার মো. আলাউদ্দিনের ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচরের ঈদগাহ মাঠ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচর থানার ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকার ঘটনা এটি।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতের বড় বোন শারমিন বেগম জানান, গত শুক্রবার মোহাম্মদের স্ত্রী শ্যামলী গ্রামের বাড়িতে যান। এ সময় মোহাম্মদ বাসায় অন্য এক নারীকে নিয়ে ছিলেন বলে অভিযোগ করেন তার সৎ ভায়রা ভাই কাওসার। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এর জের ধরে সোমবার রাতে কাওসার, তার স্ত্রী সোনিয়া, মুজাহিদসহ ১০ থেকে ১২ জন মিলে মোহাম্মদের ওপর হামলা চালায়। একপর্যায়ে কাওসার তাকে পিঠে ছুরি মেরে গুরুতর আহত করেন।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে করা হয়েছে অবহিত।