বিশ্বকাপের উন্মাদনায় শিশুদের ফুটবল উৎসব শুরু

বিশ্বকাপের উন্মাদনায় শিশুদের ফুটবল উৎসব শুরু

সংগৃহীত

বিশ্বজুড়ে ফুটবল উৎসব ছড়িয়ে পড়েছে তখন ঢাকার কৃত্রিম ঘাসের মাঠেও শুরু হলো ছোটদের স্বপ্ন ছোঁয়ার যাত্রা। বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের আয়োজনে সোমবার বাফুফে অ্যাস্ট্রোটার্ফ মাঠে পর্দা উঠেছে ‘শিশু কিশোর ফান ফুটবলের’। উদ্বোধনী দিনে মাঠজুড়ে ছিল উৎসব, রঙ, উচ্ছ্বাস আর ভবিষ্যৎ ফুটবলারদের প্রাণবন্ত পারফরম্যান্স।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

উদ্বোধনী আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী শক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের নামে আয়োজিত প্রীতি ম্যাচ। ছোট ছোট ফুটবলাররা নিজেদের প্রিয় দলের জার্সি পরে মাঠে নামে। কেউ মেসির মতো বল নিয়ন্ত্রণে মুগ্ধতা ছড়িয়েছে, কেউ আবার ব্রাজিলিয়ান ছন্দে আক্রমণে গতি তুলেছে। হার জিতের হিসাবের বাইরে গিয়ে ম্যাচটি হয়ে ওঠে আনন্দ আর অংশগ্রহণের এক প্রতীক।

বিশ্বকাপের আবেগের সঙ্গে শিশুদের স্বপ্নকে এক সুতোয় গেঁথে শুরু হওয়া এই ফান ফুটবল উৎসব আগামী কয়েক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন মাঠে ছড়িয়ে দেবে ফুটবলের রঙ।