ফরিদপুরে বাদ্যযন্ত্র বাজিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

ফরিদপুরে বাদ্যযন্ত্র বাজিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

সংগৃহীত

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়েই বিরাজ করছে উৎসবের আমেজ। চার বছর পর অনুষ্ঠিত হওয়া এই বৈশ্বিক আসরকে কেন্দ্র করে বাংলাদেশেও ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা দেয় ব্যাপক উচ্ছ্বাস। প্রিয় দলকে সমর্থন জানাতে নানা আয়োজনের অংশ হিসেবে ফরিদপুরের সদরপুর উপজেলায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকালে উপজেলা সদর বাজার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন বয়সী আর্জেন্টিনা সমর্থক অংশ নেন। মিছিলটি সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় অংশগ্রহণকারীরা প্রিয় দলের পতাকা হাতে ও বাদ্যযন্ত্রের তালে নেচে গেয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সাফল্য কামনা করেন। তাদের উচ্ছ্বাস ও উৎসবে পুরো বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সমর্থক আনিস বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপ এলেই আমাদের মধ্যে আলাদা এক আনন্দ কাজ করে। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই এই আয়োজন করেছি।

অপর সমর্থক জাকির বলেন, আর্জেন্টিনা শুধু একটি দল নয়, এটি আমাদের আবেগের নাম। আমরা আশা করছি, এবারও দলটি ভালো খেলবে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।

স্থানীয়রা জানান, বিশ্বকাপকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রিয় দলকে সমর্থন জানাতে নানা ধরনের আয়োজনও করছেন তারা।