বাড্ডায় খাল থেকে অজ্ঞাত যুবকের পচাগলা মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
রাজধানীর বাড্ডা থানার সাঁতারকুল ইয়াসিন নগর এলাকায় একটি খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় পানিতে পড়ে থাকায় মরদেহটি পচে বিকৃত হয়ে গেছে।
বুধবার দুপুরে বাড্ডা থানার এসআই মাহবুবুল আলম জানান, মঙ্গলবার (১৬ জুন) দুপুর আড়াইটার দিকে ৪২ নম্বর সাঁতারকুল ওয়ার্ডের ইয়াসিন নগর এলাকার একটি খালে কচুরিপানার মধ্যে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার (১৭ জুন) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মরদেহটি কয়েক দিন আগের হওয়ায় অতিরিক্ত পচে গেছে এবং প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে