পারিবারিক বিরোধের জেরে থানার সামনেই সংঘর্ষ, আটক ৩

পারিবারিক বিরোধের জেরে থানার সামনেই সংঘর্ষ, আটক ৩

প্রতিকি ছবি

 

কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ দিতে এসে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামের দুই সহোদর ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।

বুধবার সকালে এ বিরোধকে কেন্দ্র করে এক ভাই জামাল হোসেনের বাড়িতে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর পারিবারিকভাবে বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে ভুক্তভোগী শাহজাহান লিখিত অভিযোগ দিতে থানায় যান।

পুলিশ জানায়, অভিযোগ দায়েরের পর শাহজাহান ও তাঁর স্বজনরা থানার সামনে অবস্থান করছিলেন। এ সময় সেখানে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে থানার সামনেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

ওসি মমিরুল হক বলেন, পারিবারিক বিরোধের জেরে প্রথমে গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে অভিযোগ দিতে এসে থানার সামনেও দুই পক্ষের মধ্যে মারামারি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।