বালি-পাথর তুলতে গিয়ে পঞ্চগড়ে মিললো মর্টার শেল
ছবি: সংগৃহীত
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকায় বালি পাথর উত্তোলনের সময় পাওয়া গেছে একটি পরিত্যক্ত মর্টার শেল। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় ওই এলাকার মাঝিপাড়া ব্রিজ সংলগ্ন চিলকা নদী থেকে বালু ও পাথর উত্তোলনের সময়ে মর্টার শেলটি খুঁজে পায় শ্রমিকরা। মূল্যবান সম্পদ ভেবে তারা সেটি বাড়িতে নিয়ে যায়।
পুলিশ জানায়, ওই এলাকার শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম মর্টার শেলটি বাড়িতে নিয়ে আসার পর বিষয়টি এলাকায় জানাজানি হলে তারা বড় ঝিটকীখুড়া এলাকায় আব্দুস সালামের বাড়ির কাছে সড়কের পাশে মর্টার শেলটি ফেলে রেখে যায়।.
খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের রাত্রিকালীন টহল দল ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, বালি পাথর উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি খুঁজে পায়। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা নিরীক্ষা করে এটি নিষ্ক্রিয় করবেন।