কক্সবাজারে ইয়াবা ও অস্ত্র বিক্রির টাকাসহ গ্রেফতার ২
সংগৃহীত
কক্সবাজার শহরে অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ইয়াবা ট্যাবলেট ও অস্ত্র বিক্রির নগদ টাকা এবং নম্বরবিহীন মোটরসাইকেলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলীর জাহাল এলাকায় একটি বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: কক্সবাজার শহরের শেখ রাসেল সড়কের বাসিন্দা আক্তার হোসেন প্রকাশ গুরা মনুর ছেলে মোহাম্মদ আমির ফয়সাল (৩৮) এবং তার সহযোগী মো. জাহিদ হোসেন (২০)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার নিশ্চিত করেছেন।
ওসি মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে আমির ফয়সাল আক্তারের বসতবাড়িতে তল্লাশি চালায়। অভিযানে তার বাড়ি থেকে আমির ফয়সাল ও তার সহযোগী মো. জাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়।
পরে বসতবাড়ির একটি আলমারি থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি ধারালো ছুরি, ১ হাজার ৩০ পিস ইয়াবা, অস্ত্র বিক্রির ২৪ হাজার টাকা, দুটি নম্বরবিহীন মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ওসি জানান, গ্রেফতার আমির ফয়সালের স্ত্রীর স্বীকারোক্তি মতে জব্দ করা নগদ অর্থ অস্ত্র বিক্রি করে রাখা হয়েছিল। এছাড়া ঘটনাটি তদন্ত করে বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।