পঞ্চগড়ে পুলিশের অভিযানে জাল টাকাসহ গ্রেফতার ৭

পঞ্চগড়ে পুলিশের অভিযানে জাল টাকাসহ গ্রেফতার ৭

সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় থানা পুলিশের অভিযানে পৃথক এলাকা থেকে জাল টাকা সহ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাকপাড়া এলাকার জনৈক সিরাজুল ইসলামের ছেলে চঞ্চল মিয়া (৩২), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুদাল এলাকার আউয়াল হোসেনের ছেলে আরিফ হোসেন (৪০), মাদারীপুর শিবচর উপজেলার মাদবর চর এলাকার ইউনুস শেখের ছেলে এমরান শেখ (৪৮), বাগেরহাট রামপাল উপজেলার কাশিপুর এলাকার মাহামুদুল হকের ছেলে শেখ নাছিম (২৮), ফরিদপুর ভাঙ্গা উপজেলার শিংগাদাগ এলাকার নুরুল আমিন খাঁনের ছেলে সোহেল খাঁন (২৮), ঢাকা কেরানীগঞ্জ পূর্ব মুগারচর এলাকার মৃত: আলী আকবর মাস্টারের ছেলে রুহুল আমিন (৫২) এবং কুমিল্লা দ্বেবিদার উপজেলার মারিচা এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে ইসমাইল হোসেন (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ জুন) আটোয়ারীর ফকিরগঞ্জ বাজারে চঞ্চলকে জাল টাকা সহ আটক করা হয়। এর পর তার দেয়া তথ্যে ঠাকুরগাঁও জেলা শহরের প্রাইম হোটেল এবং নিউ হোটেল সালাম এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করে তাদের আটক করে গ্রেফতার করে পুলিশ। এসময় আটোয়ারী সহ পৃথক অভিযানে ৭ লাখ ২৮ হাজার ৫০০ জাল টাকা ও ১ লাখ ২৮ হাজার ৫০০ অরিজিনাল টাকা জব্দ করা হয়। একই সাথে তাদের আটোয়ারী থানায় নিয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।