সৌদি আরব ম্যাচের আগে হতাশার খবর দিলেন ইয়ামাল

সৌদি আরব ম্যাচের আগে হতাশার খবর দিলেন ইয়ামাল

লামিনে ইয়ামাল

২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে খেলতে নেমে প্রথম ম্যাচে আসরের অভিষিক্ত দল কেপ ভার্দের কাছে পয়েন্ট হারিয়েছে স্পেন। আফ্রিকান দ্বীপরাষ্ট্রটি তাদের গোলশূন্য সমতায় আটকে দেয়। ওই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে আসন্ন ম্যাচেও তার শুরুর একাদশে থাকার সম্ভাবনা কম।

আগামীকাল (রোববার) আটলান্টা স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে লড়বে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন। স্প্যানিশ টেলিভিশন নেটওয়ার্ক আরটিভিই–কে ইয়ামাল বলেছেন, ‘আমি ভালো আছি, ভালো অনুভব করছি, কিন্তু (৯০ মিনিট খেলা) এখনও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই।’

‘আমি এখনও মানিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। পুরো ম্যাচ খেলার সময় এখনও আসেনি। তবে কোচ যত মিনিট চাইবেন, আমি খেলতে পারব’, আরও যোগ করেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। সৌদি ম্যাচ শেষে ‘এইচ’ গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের প্রতিপক্ষ উরুগুয়ে। ম্যাচটি গ্রুপের ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখতে পারে। তাই ইয়ামালকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া স্প্যানিশদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

ইয়ামালের মতোই চোট নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছেন সতীর্থ ফরোয়ার্ড নিকো উইলিয়ামস। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে দাবি ইয়ামালের, ‘শারীরিকভাবে সে আমার চেয়েও ভালো অবস্থায় আছে। আমরা কোনো তাড়াহুড়ো করছি না। আমাদের দলে বিশ্বমানের অনেক খেলোয়াড় আছে এবং আমাদের ধাপে ধাপে এগোতে হবে।’

অল্প বয়সেই ইয়ামাল বিশ্বকাপের অন্যতম বড় তারকা হিসেবে টুর্নামেন্টে এসেছেন। ক্লাব পর্যায়ে বার্সেলোনা এবং জাতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে উজ্জ্বল পারফরম্যান্স করে আসছেন তিনি। ২০২৪ সালে স্পেনকে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং গত মৌসুমে বার্সেলোনাকে স্প্যানিশ লিগ শিরোপা জয়েও ইয়ামাল নেতৃত্ব দেন। চলমান বিশ্বকাপেও তার জনপ্রিয়তা স্পষ্ট।

মার্সিডিস-বেঞ্জ স্টেডিয়ামের বাইরে ইয়ামালের বিশাল বিজ্ঞাপনচিত্র দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে। এই স্টেডিয়ামেই স্পেন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করে। নিজের জনপ্রিয়তা নিয়ে ইয়ামাল বলেন, ‘আমি বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখি, কারণ আমি এর সঙ্গে অভ্যস্ত। স্পেনের বাইরে এবং ভেতরে আমি যে প্রতিনিধিত্ব করি, তা আমি জানি। সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি, কারণ সমর্থকরা সেটাই দেখতে চায়। যদি কোনো ভবনের গায়ে আপনার ছবি থাকে, তার কারণ হলো আপনি মাঠে এমন কিছু করতে পারেন যা মানুষ পছন্দ করে, যা তাদের উচ্ছ্বসিত করে।’