বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

সংগৃহীত ছবি

আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ৬ উইকেটে ১২৩ রানে থেমে গিয়েছিল বাংলাদেশের ইনিংস। স্কোরবোর্ডে এই সংগ্রহটা এসেছিল শেষ দিকে স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংসে।

তবে সাউদাম্পটনে গত রাতে এই রানও তাড়া করতে পারেননি পাকিস্তানের মেয়েরা। বাংলাদেশের মেয়েদের বোলিং নৈপুণ্যে নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করলেও ৮ উইকেটে ১০০ রানে থামে পাকিস্তানের ইনিংস। বাংলাদেশ ম্যাচ জেতে ২৩ রানে। তিন ম্যাচে দুই জয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশের মেয়েরা।

দুই স্পিনার নাহিদা আক্তার ও সানজিদা আক্তার মেঘলার কাছেই মূলত ধরাশায়ী হয় পাকিস্তান। দুজনই তিনটি করে উইকেট নেন। তবে লক্ষ্য তাড়ায় ভালো শুরুই পেয়েছিলেন পাকিস্তানের মেয়েরা। দুই ওপেনার মুনিবা আলি (২৫) ও গুল ফিরোজার (২৩) উদ্বোধনী জুটি থেকেই আসে ৪৯ রান।

এরপর বাংলাদেশের দুই বাঁহাতি স্পিনার ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। দুই ওপেনারকে ফেরান নাহিদা। এরপর মেঘলা একই ওভারে আয়েশা জাফর (১১) ও আলিয়া রিয়াজকে (০) আউট করলে বড় ধাক্কা খায় পাকিস্তান। এক পর্যায়ে বিনা উইকেটে ৪৯ রানে থাকা পাকিস্তান মুহূর্তেই ৮৪ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে। এখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান।

নাহিদা ১৮ রানে তিন উইকেট নেন। তিন উইকেট নিতে সানজিদা খরচ করেন ২১ রান। এ ছাড়া রাবেয়া খান ও রিতু মনি একটি করে উইকেট নেন। এর আগে ব্যাটিংয়ে হতাশই করে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে ২২ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন স্বর্ণা। তাঁর ৫ চারের ইনিংসেই লড়াইয়ের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। এ ছাড়া নিগার সুলতানার ব্যাট থেকে আসে ৩৬ রান।