টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষকের আত্মহত্যা
প্রতিকি ছবি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঋণে জর্জরিত হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে গলায় ফাঁস দিয়ে বিদ্যুৎ কান্তি রায় নামে এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন।
রবিবার (২১ জুন) ভোরে উপজেলার পাটগাতী ইউনিয়নের দারিয়ারকুল গ্রামের নিজ বাড়ির বাইরে কামরাঙা গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
বিদ্যুৎ কান্তি রায় (৫৮) উপজেলার পাটগাতী মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী। তিনি বলেন, প্রধান শিক্ষক বিদ্যুৎ কান্তি রায় ব্যাপক ঋণে জর্জরিত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তার পরিবার ও স্থানীয় লোকজন। ঋণের বোঝা বইতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে বাবা-মায়ের কবরের পাশের কামরাঙা গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালে এলাকাবাসী গাছে তার মরদেহ ঝুলে থাকতে দেখে থানায় খবর দেন।
এসআই মোসলেম আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ থেকে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।