হবিগঞ্জে যৌতুক মামলায় কারাগারে পুলিশ সদস্য
ফাইল ছবি
যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় সুনামগঞ্জ সদর ফাঁড়ির এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচার আদালত-১ এ মামলাটির চার্জ গঠন ও শুনানির দিন ধার্য ছিল। শুনানিকালে আসামি আদালতে উপস্থিত হলে বিচারক তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ কনস্টেবল অনন্ত চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে তার স্ত্রী প্রভাতী রানী দাশ যৌতুক নিরোধ আইনে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৭ সালে বিয়ের পর থেকেই অনন্ত চন্দ্র বিশ্বাস স্ত্রীর কাছে ৪ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। যৌতুকের দাবিতে তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে ২০২২ সালের ২৯ জানুয়ারি শিশু সন্তানসহ তাকে স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।
বাদীপক্ষের দাবি, ২০২৪ সালের ১১ মে আসামি পুনরায় বাদীর বাবার বাড়িতে গিয়ে যৌতুকের টাকা দাবি করেন। এতে তারা অপারগতা প্রকাশ করলে গালিগালাজ করে যৌতুক ছাড়া সংসার করবেন না বলে চলে যান। এ ঘটনার পর প্রভাতী রানী দাশ আদালতের আশ্রয় নেন।