সমাজ পরিবর্তনে তরুণদের এগিয়ে আসার আহ্বান ঢাবি উপাচার্যের

সমাজ পরিবর্তনে তরুণদের এগিয়ে আসার আহ্বান ঢাবি উপাচার্যের

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সামাজিক সমস্যা দূরীকরণে তরুণদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শনিবার (২০ জুন) রাজধানীর একটি হোটেলে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) আয়োজিত ‘ইয়োথ ভয়েস ফর প্রোটেকশন’ শীর্ষক ইউএনডিপি-ডিইউডিএস বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে বিতর্কসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং বিভিন্ন সামাজিক ব্যাধি দূরীকরণে তরুণদের কার্যকর ভূমিকা রাখতে হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিতর্কের মাধ্যমে সমাজের নানা অসংগতি, বৈষম্য ও সমস্যা তুলে ধরে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখা সম্ভব। তরুণদের চিন্তাশক্তি ও যুক্তিবোধ বিকাশেও বিতর্ক কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখে বলে তিনি উল্লেখ করেন।

উপাচার্য আরো বলেন, “জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী সংস্থা।” দেশের আর্থসামাজিক উন্নয়নে সংস্থাটির সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক এস এম শামীম রেজা, সংগঠনটির সভাপতি জুবায়ের হোসেন শাহেদ এবং সাধারণ সম্পাদক রাগীম আনজুম।