বেক্সিমকো ফার্মার পর্ষদ সভা মঙ্গলবার

বেক্সিমকো ফার্মার পর্ষদ সভা মঙ্গলবার

ফাইল ছবি

শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদের সভা আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। 

সোমবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর এ সভা আহ্বান করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সভায় ২০২৫ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের  এবং ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য তা প্রকাশ করবে। একইসঙ্গে ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানির পর্ষদ।

এ ছাড়া কোম্পানির অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও সভার আলোচ্য সূচিতে রয়েছে। পর্ষদ সভায় এ সব আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করবে কোম্পানির পর্ষদ।

গত বছরের ১৯ ডিসেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস জানায়, এআইএম রুল-১৯ অনুযায়ী ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক হিসাব নির্ধারিত সময়সীমা, অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। নিয়ম অনুযায়ী সময়মতো প্রতিবেদন দাখিল করতে না পারায় ২ জানুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে লন্ডনের বাজারে কোম্পানিটির জিডিআর লেনদেন বন্ধ থাকবে।

সেই ঘোষণা অনুযায়ী এখনো লন্ডনের শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এআইএম রুলস ফর কোম্পানিজ-এর ১৯ ধারা অনুযায়ী, এআইএম তালিকাভুক্ত কোনো কোম্পানিকে তার অর্থ বছর শেষ হওয়ার ছয় মাসের মধ্যে নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন ও হিসাব প্রকাশ করতে হয়। 

৪১ ধারা অনুযায়ী, কোনো সিকিউরিটিজ বা শেয়ার যদি টানা ছয় মাস ধরে লেনদেনের জন্য স্থগিত থাকে, তাহলে সাধারণত লন্ডন স্টক এক্সচেঞ্জ তাদের লেনদেনের অনুমোদন বাতিল করে। আর এমন পরিস্থিতিতে বিএসইসির অনুমোদনের পর আগামীকাল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বেক্সিমকো ফার্মা। এর মধ্য দিয়ে কোম্পানিটি লন্ডন স্টক এক্সচেঞ্জ থেকে ছিটকে পড়ার আশঙ্কা কেটেছে।