শহরের রাস্তায় রক্তাক্ত দেব-শুভশ্রী!
ছবি: সংগৃহীত
দেব-শুভশ্রীকে নিয়ে কৌতূহলের শেষ নেই নেটিজেনদের। সামাজিক মাধ্যমে তাদের খবরাখবর জানতে তক্কে তক্কে থাকেন সবাই। এবার দুজনকে দেখা গেল অন্যভাবে। শহরের রাস্টার মাঝখানে উল্টে পড়ে আছে গাড়ি। তার ওপর দাঁড়িয়ে দেব-শুভশ্রী। রক্তে ভেসে যাচ্ছে তাদের শরীর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
তবে দেব-শুভর অনুরাগীদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা এটি এ তারকাদ্বয়ের নতুন সিনেমা ‘দেশু ৭’-এর অফিসিয়াল পোস্টার। সামাজিক মাধ্যমে দেব নিজেই প্রকাশ করেছেন সেটি।
ওই পোস্টারে দেখা যাচ্ছে, উল্টে থাকা গাড়ির ওপর বন্দুক কাঁধে দাঁড়িয়ে দেব। তাঁর জামা, কপালে রক্ত। তাঁকে জড়িয়ে দাঁড়িয়ে ওড়না, চুড়িদার রক্তে মাখামাখি শুভশ্রী। একে অন্যের চোখে চোখ রাখা। পেছনে দাউ দাউ করে জ্বলছে গাড়ি। ধোঁয়ায় আচ্ছন্ন চারদিক।
ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘ভালোবাসা সহজে হয় না। আর একবার হলে তাকে ছাড়া থাকা যায় না।’ এতে স্পষ্ট রোমান্টিক-অ্যাকশনধর্মী ছবি হতে যাচ্ছে ‘দেশু ৭’। এরইমধ্যে পোস্টার লুফে নিয়েছেন দুই তারকার অনুরাগীরা।
পোস্টার প্রকাশের পাশাপাশি মুক্তির তারিখও জানিয়েছেন দেব। দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমাটি। পরিচালনা করেছেন দেব নিজেই। আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য।
দেব-শুভকে সবশেষ দেখা যায় ‘ধূমকেতু’ সিনেমায়। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এ ছবিটি এক দশকের মতো আটকে ছিল বিভিন্ন জটিলতায়। মুক্তির পর দর্শকপ্রিয়তায় সমস্ত অতৃপ্তি কেটে যায় সিনেমা সংশ্লিষ্টদের। সেইসঙ্গে ব্যক্তিগত সম্পর্কের অস্বস্তি কাটিয়ে এক মঞ্চে দাঁড়ান দেব-শুভশ্রী।