মা হারালেন দেশম, নরওয়ের বিপক্ষে কি ডাগআউটে থাকবেন তিনি

মা হারালেন দেশম, নরওয়ের বিপক্ষে কি ডাগআউটে থাকবেন তিনি

ছবি: রয়টার্স

বিশ্বকাপে উড়ছে ফ্রান্স। প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষদের গুঁড়িয়ে নকআউটে সুযোগ পেয়ে।

তবে এমন সুন্দর মুহূর্তে দুঃসংবাদ শুনতে হলো তাদের। কোচ দিদিয়ের দেশমের আজ মা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।

মায়ের শেষকৃত্যে থাকতে তাই ফ্রান্সে ফিরে যাচ্ছেন দেশম। নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে তাকে পাওয়া যাবে না।

বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

বিবৃতিতে এফএফএফ লিখেছে, ‘নরওয়ে-ফ্রান্স ম্যাচের আগে দলের অনুশীলনে থাকতে পারবেন না দিদিয়ের দেশম। আগামী শুক্রবার (বাংলাদেশের হিসেবে শনিবার) ‘আই’ গ্রুপের শেষ ম্যাচেও তাকে পাওয়া যাবে না। আজ সকালে (মঙ্গলবার) মায়ের মৃত্যুর সংবাদ জানতে পারেন কোচ।

শেষকৃত্যে অংশ নিতে তাই ফ্রান্সে ফিরে যাচ্ছেন তিনি।’

আগামী ২৭ জুন নরওয়ে-ফ্রান্স ম্যাচটি হবে রাত ১টায়। সেদিন দেশমের বদলে ডাগআউটে দাঁড়াবেন সহকারি কোচ গাই স্তেফান। এর আগে সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ফ্রান্স। আর গতকাল রাতে ইরাককে ৩-০ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।