ঘোড়াশালে মাদকবিরোধী র‍্যালি শেষে ককটেল বিস্ফোরণ

ঘোড়াশালে মাদকবিরোধী র‍্যালি শেষে ককটেল বিস্ফোরণ

সংগৃহীত

মাদককে না বলি, জীবনকে হ্যাঁ বলি, মাদক ছাড়ুন, সুস্থ জীবন গড়ুন প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশের ঘোড়াশালে এক মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ঘোড়াশাল পৌরসভার সচেতন জনগণের ব্যানারে এ সভা ও র‍্যালির নেতৃত্ব দেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া। 

ঘোড়াশাল বাজার ঈদগাহ ময়দান থেকে এ মাদকবিরোধী র‍্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশালের ঘোড়াচত্বর এসে এক সমাবেশ করে।এতে বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারন  সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া। 

মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালিতে এলাকার নারীসহ বিভিন্ন স্তরের লোকজন ও সুশীল সমাজের ব্যক্তিরা  অংশ নেন।

এদিকে মাদকবিরোধী মিছিল শেষে ঘোড়াশাল শুক্কুর মিয়ার হোটেলের সামনের সড়কের ওপর শহীদ ময়েজউদ্দিন সেতুর ওপর থেকে ২ টি ককটেল মেরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ১টি ককটেল বিস্ফোরণ ঘটে। অপরটি অবিস্ফোরিত থাকে। পরে পুলিশ অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।