মেলায় কপাল খুলল ৩২০ তরুণ-তরুণীর
সংগৃহীত
জয়পুরহাটে একটি ব্যতিক্রমী মেলায় কপাল খুলেছে ৩২০ তরুণ-তরুণীর। তাৎক্ষণিকভাবে নিয়োগ পেয়েছেন বেকার ওই সব তরুণ-তরুণী।
বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) যৌথ অর্থায়নে ‘রেইজ’ প্রকল্পের আওতায় এ চাকরি মেলার (জব ফেয়ার) আয়োজন করে এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো) নামের একটি শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থা।
মঙ্গলবার জয়পুরহাট পৌর শহরের মাদ্রাসাপাড়া মহল্লায় ‘এসো’-এর প্রধান কার্যালয় চত্বরে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।
এতে আইটি সাপোর্ট, ওয়েল্ডিং, মোবাইল সার্ভিসিং, রেফ্রিজারেশন ও মোটরসাইকেল সার্ভিসিংসহ বিভিন্ন পদে মোট ১ হাজার ৬০০ চাকরিপ্রার্থী অংশ নেন। তাদের মধ্য থেকে জীবনবৃত্তান্ত (সিভি) যাচাই ও সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে ২১টি স্বনামধন্য জাতীয় ও স্থানীয় প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে ৩২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত বেকারদের নিয়োগ দেয়।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে স্পট নিয়োগের এমন আয়োজনে চাকরিপ্রার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
এর আগে সকালে রং-বেরঙের বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ চাকরি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি পিকেএসএফের মহাব্যবস্থাপক ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী।
‘এসো’-এর নির্বাহী পরিচালক মতিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পিকেএসএফের প্রোগ্রাম ম্যানেজার ফারুক হোসাইন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকছুদুল কবীর, বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ এবং ‘এসো’-এর উপ-নির্বাহী পরিচালক আতাউর রহমান।
আলোচকরা বলেন, এ ধরনের মেলা নিয়োগকারী প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের মধ্যে সরাসরি সেতুবন্ধন হিসেবে কাজ করে। নিয়োগের পাশাপাশি মেলায় সিভি হালনাগাদ ও ক্যারিয়ার বিষয়ক পরামর্শমূলক সেমিনারেরও আয়োজন করা হয়, যা স্থানীয় যুবকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
উল্লেখ্য, এর আগের দিন সোমবার শহরের সবুজনগর এলাকায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহায়তায় পৃথক এক চাকরি মেলার আয়োজন করেছিল ‘জাকস ফাউন্ডেশন’। যেখানে ২০০ তরুণ-তরুণী চাকরি লাভ করেন।