সিরাজগঞ্জে চিকিৎসক হত্যা মামলায় ১৫ বছর পর রায়, দুইজনের যাবজ্জীবন
ফাইল ছবি
সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. বাকি মির্জা হত্যা মামলায় প্রায় ১৫ বছর পর রায় দিয়েছেন আদালত। আলোচিত এ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার ওষুধ কোম্পানির প্রতিনিধি জাকারিয়া মাসুদ (৪৩) এবং সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা গ্রামের আনোয়ার হোসেন কিরণ (৪৫)।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহানশাহ জানান, রায় ঘোষণার সময় আনোয়ার হোসেন কিরণ আদালতে উপস্থিত ছিলেন। তবে জাকারিয়া মাসুদ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এদিকে, মামলার আরেক আসামি ডা. আবদুল লতিফের করা রিভিশন আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকায় তার বিরুদ্ধে বিচার কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে।
ওই আবেদন নিষ্পত্তির পর তার বিচার পুনরায় শুরু হবে।
মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ১৬ এপ্রিল রাতে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে সরকারি ব্যাচেলর কোয়ার্টারের নিজ কক্ষে ডা. বাকি মির্জাকে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করা হয়। পরদিন এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয় এবং তদন্ত শেষে ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি পুলিশ অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে মামলার আরেক আসামি রুহুল আমীন বাবু মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।