বড় ভাইকে হারালেন শোয়েব আখতার

বড় ভাইকে হারালেন শোয়েব আখতার

ফাইল ফটো

কখনো মাঠে ঘণ্টায় ১৬০ কিলোমিটারের বেশি গতির বল ছুড়ে ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছেন শোয়েব আখতার। তবে জীবনের কিছু আঘাত এমন হয়, যার সামনে সবচেয়ে শক্ত মানুষটিও অসহায় হয়ে পড়ে। এবার ব্যক্তিগত জীবনে তেমনই এক গভীর শোকের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার।

শোয়েব আখতারের বড় ভাই শাহিদ আখতার আর নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় ভাইয়ের মৃত্যুর খবর নিজেই নিশ্চিত করেছেন পাকিস্তানের এই কিংবদন্তি ফাস্ট বোলার।

শোয়েব জানান, তার প্রিয় বড় ভাই শাহিদ আখতার ইন্তেকাল করেছেন এবং মহান আল্লাহর সান্নিধ্যে ফিরে গেছেন। ভাইয়ের বিদায়ে গভীর শোক প্রকাশ করে তিনি মরহুমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে আল্লাহর রহমত ও ক্ষমা কামনা করেছেন শাহিদের জন্য।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার আসরের নামাজের পর ইসলামাবাদের এইচ-৮ কবরস্থানে শাহিদ আখতারের জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাকে দাফন করা হবে। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, শোয়েব আখতারের ক্রিকেট ক্যারিয়ারে শাহিদ আখতারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠা পাওয়ার দীর্ঘ যাত্রায় বড় ভাই সবসময় তাকে উৎসাহ ও সমর্থন দিয়ে গেছেন। দুই ভাইয়ের সম্পর্কও ছিল বেশ আন্তরিক ও ঘনিষ্ঠ।

এর আগে ২০২১ সালে মায়ের মৃত্যুর শোকও সহ্য করতে হয়েছিল শোয়েব আখতারকে। বড় ভাইয়ের মৃত্যুতে কয়েক বছরের ব্যবধানে আবারও ব্যক্তিগত জীবনের কঠিন এক ক্ষতির মুখোমুখি হলেন তিনি। ফলে আখতার পরিবারের জন্য এটি নিঃসন্দেহে এক বেদনাময় সময়।