তাহিরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাহিরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে চারাগাঁও সীমান্তের জঙ্গলবাড়িতে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক লোকমান হেকিমকে বুধবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি লোকমান হেকিম তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্তের কলাগাঁও পশ্চিম পাড়ার মৃত খোকন মিয়ার ছেলে।

তাহিরপুর থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুর ইসলাম জানান, মঙ্গলবার রাতে চারাগাঁও সীমান্তের জঙ্গলবাড়িতে ইয়াবা কেনাবেচার সময় স্থানীয় জনতা লোকমান হেকিমকে মাদকসহ আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতকে আলামতসহ হেফাজতে নেয়।

বুধবার সকালে ক্যাম্প ইনচার্জ বাদী হয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ দেখিয়ে থানায় মামলা দায়ের করেন। পরে আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান।